প্রযুক্তি ব্যবহারে ওয়াসার অপচয় কমেছে ৫ শতাংশ: প্রধানমন্ত্রী

১০ অক্টোবর, ২০১৯ ১৬:৪৯  
প্রযুক্তি ব্যবহারে ঢাকা ওয়াসার অপচয় কমেছে ৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা পানি শোধনাগার (ফেজ-১) প্রকল্প, সাভার উপজেলার তেঁতুলঝরা-ভাকুর্তা এলাকায় ওয়েলফিল্ড নির্মাণ (১ম পর্ব ) প্রকল্পের উদ্বোধন এবং ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের অধীনে রূপগঞ্জের গন্ধর্বপুরে পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষকে যাতে শহরমুখী হতে না হয় সেই লক্ষ্যে কাজ করছি। তারা গ্রামে বসেই যেন সব সুবিধা পায়। বর্তমান যুগ ডিজিটাল যুগ। সবখানে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে। সব সেবা যেন গ্রাম থেকেও পাওয়া যায়।’ তিনি বলেন, ‘ইতিমধ্যেই ওয়াসার বিলিং সিস্টেম ডিজিটাল করা হয়েছে। এতে সংস্থাটির অপচয় কমেছে ৫ শতাংশ।’ হাস্যরসের সুরে তিনি বলেন, ‘বিল কমানোর চিন্তা থেকে হলেও পানি অপচয় করবেন না। কম পানি ব্যবহার করলে বিলও কম আসবে।’ বক্তব্যে শিগগিরি আরো একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ প্রমুখ।